নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৩৮
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কারও মৃত্যু হয়নি, আক্রান্ত ১৪১৭
দেশে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে কারো মৃত্যু হয়নি। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৭ শিশু।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা শূন্য। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৪৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৫২ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৯৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১। এই সময়ে ১ হাজার ২৬১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩১৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।