কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ রাত ০৯:২৯:১২
কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে আমির হামজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আমির হামজা উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের শুকুর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আমির হামজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে ছাগল আনতে যায়। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত হলে মা ও শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে মনে হওয়ায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। তবে বিকেলের দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সকালে প্রাথমিক চিকিৎসা নিয়ে শিশুটি বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু বিকেলে পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্বিতীয়বার হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, চার বছরের শিশু আমির হামজার আকস্মিক মৃত্যুতে লাখিরপাড় গ্রামসহ পুরো কুশলা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।