রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ রাত ১০:০৭:৫৯
মহাস্থানে ৫ কেজি গাঁজাসহ নারী আটক, পরে ডিএনসির কাছে সোপর্দ
বগুড়ার মহাস্থান এলাকায় ৫ কেজি গাঁজাসহ মরিয়ম (পূর্ণ পরিচয় জানা যায়নি) নামে এক নারীকে স্থানীয় জনতা আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী সন্দেহভাজন ওই নারীকে আটক করে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করলে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে ডিএনসির একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত গাঁজাসহ আটক নারীকে নিজেদের হেফাজতে নেয়।
ডিএনসি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি কোনো মাদক চক্রের সঙ্গে জড়িত কিনা এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।