মো. আহছান উল্যাহ, ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১০:০২:৪৮
ফেনীতে ১২শ দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
ফেনীতে ১ হাজার ২০০ অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আশ্রাফ আলী ফাউন্ডেশন।
রবিবার (১৫ মার্চ) সকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোহাজের কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান হোসেন।
আয়োজকরা জানান, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ সহায়তা কার্যক্রমে অন্তত ১০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের সকল মসজিদের খাদেম, ইমাম ও খতিবদেরও এ উপহার প্রদান করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, পেঁয়াজ, ট্যাং ও আলু দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ নেশন গ্রুপের পরিচালক আকবর হোসেন, এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবদুল ওয়াদুদ, প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ এবং ফেনী পৌর সুলতাল মাহমুদ হকার্স মার্কেটের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুল মালেক টনি।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেদোয়ান হোসেন বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ না থেকে আমরা সবাই মিলে এই ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।