মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ০৮:৩৩:৩৪
মতলব উত্তরে নকলের দায়ে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে।
কেন্দ্র সচিব মাসুদ পারভেজ জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত পরীক্ষার্থী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন। তারা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরিহিত শার্টে লিখে নকল নিয়ে আসেন। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে সাতজনকে বহিষ্কার করা হয়।
তিনি আরও জানান, একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”