জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ০৮:১৬:৪৪
জামালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নূরানী তালীমুল কুরআন বোর্ড, সিলেট বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জামালগঞ্জ দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহা. আলতাফুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা মাছরুফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি অজিত কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার এবং বেহেলী মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফল অর্জন নয়, বরং একজন আদর্শ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার। দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তারা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
মাদ্রাসার সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও কৃতিত্বের সনদ তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।