মোঃ আহছান উল্যাহ, ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ রাত ০৬:৪২:০২
নবাবপুরে রমজান উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় ১৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীর নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে কেরাত প্রতিযোগিতা। স্থানীয় চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক শিক্ষা ও পবিত্র কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে কয়েকজন মেধাবী শিক্ষার্থী বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। মাদ্রাসা ও স্কুল পর্যায় থেকে মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গোলাম মোস্তফা (পিতা: নুর আলম), দ্বিতীয় স্থান অর্জন করেন তাইয়েবা সুলতানা এবং তৃতীয় স্থান লাভ করেন রাকিবুল ইসলাম (পিতা: মো. জাহাঙ্গীর)। এছাড়া ৫ম থেকে ১০ম স্থান পর্যন্ত আরও কয়েকজন প্রতিযোগী পুরস্কৃত হন।
প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট আলেম মাওলানা নুরুন্নবী। এছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা সাঈদ জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ বিসিল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বাদশা। তিনি এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
শিক্ষক ও আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কেরাত পরিবেশনের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে ইসলামিক সংস্কৃতি ও কোরআনের শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে। ভবিষ্যতেও এই প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান আয়োজকরা।