প্রতিবেশী দেশে মোসাদের তৎপরতা বেড়েছে তিন গুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৭:৫৩:১৭
থাইল্যান্ডে ইসরায়েল-সংশ্লিষ্টদের জমি কেনার তথ্য, মালয়েশিয়াকে সতর্ক থাকার আহ্বান আনোয়ারের
প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা গত তিন থেকে চার বছরে তিন থেকে চার গুণ বেড়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে মালয়েশিয়াকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে মোসাদের কথিত ঘাঁটি ব্যবহার করে পরিচালিত কার্যক্রমের বিষয়ে জনগণকে অবহিত করতে জাতীয় নিরাপত্তা পরিষদকে (এমকেএন) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আনোয়ার ইব্রাহিম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে মোসাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়টি মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
রোববার (২৯ নভেম্বর) জর্জ টাউনে আয়োজিত ‘সেমারাক ওয়াকাফ পেরদানা ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি জাতীয় নিরাপত্তা পরিষদকে জনগণকে বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছি। প্রতিবেশী দেশগুলোতে ঘাঁটি ব্যবহার করে মোসাদের তৎপরতা এখন অনেক বেশি। গত তিন থেকে চার বছরে এসব কার্যক্রম তিন থেকে চার গুণ বেড়েছে। তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, থাইল্যান্ডের কয়েকটি এলাকায় ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর জমি কেনার বিষয়টিও তাদের নজরে এসেছে। এসব এলাকার মধ্যে রয়েছে পর্যটননগরী ফুকেট, রাজধানী ব্যাংকক এবং দেশটির দক্ষিণাঞ্চল।
তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্ক বজায় রাখা জরুরি। পারস্পরিক সহযোগিতা ও কার্যকর যোগাযোগের মাধ্যমে এ ধরনের হুমকি মোকাবিলা করতে হবে।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা সক্ষমতাও শক্তিশালী করতে হবে। আমাদের প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা হতে হবে দৃঢ় ও কার্যকর।’
বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় বিচক্ষণতা ও ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিশেষ করে বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।
আনোয়ার বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মতো প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে মালয়েশিয়াকে কৌশলগত স্বার্থের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থ সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়াকে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিজস্ব নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে।
উল্লেখ্য, মোসাদের তৎপরতা বৃদ্ধি এবং থাইল্যান্ডে ইসরায়েল-সংশ্লিষ্ট পক্ষগুলোর জমি কেনার বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বক্তব্য মালয়েশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। তবে জমি কেনার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরিচয় ও এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি বক্তব্যে প্রকাশ করেননি।