নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৯:০১
টেকঅফের সময় উড্ডয়ন বাতিল করল ইউএস-বাংলার ফ্লাইট
যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়ন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার কথা ছিল। উড্ডয়নের ঠিক আগে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার পর পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমানের ইন্সট্রুমেন্ট ইন্ডিকেশনে অসামঞ্জস্য দেখা দেওয়ায় ককপিটে ত্রুটির সংকেত আসে। এ অবস্থায় পাইলটের উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া এভিয়েশনের স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।
তিনি জানান, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে বিমানের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে বিমানের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব যাত্রী বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন। তাদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হতে শিগগিরই ইউএস-বাংলার আরেকটি উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।