নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ১০:০৭:২৪
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে দেশের বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ খাতের সব সেবা সংস্থার প্রধান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদ্যুৎ সেক্টরের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সব স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি নির্বাচনের সময় ভোটকেন্দ্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খাতের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকভাবে পরিচালনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনিয়ম-দুর্নীতি রোধে সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, বিগত দিনে এ খাতের উন্নয়নে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এ সময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নতুন সরকারের কাজের ক্ষেত্রে অতীতের ধারাবাহিকতা যথেষ্ট হবে না। তাই জনগণকে উন্নত সেবা দিতে এ খাতের উন্নয়নে মন্ত্রণালয়কে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অনিয়ম-দুর্নীতি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।