নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩০:২৩
২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
দেশের বিভিন্ন স্থানে গত ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের চারটি স্থাপনা ও ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এসব ঘটনায় ৫২টি মামলা দায়েরের পাশাপাশি ৮০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময়ে তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাশকতা প্রতিরোধ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং যেকোনও ঘটনায় দ্রুত সাড়া দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যাতে কোনও ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে।
কামারুম মুনিরা আরও বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতার অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে।