নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৯:১০:১৮
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয়ে ‘শেখ হাসিনার মা’, ৪ কর্মকর্তা বরখাস্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির পরিচয়ে বড় রকমের অসংগতি পাওয়া গেছে। ছবিতে থাকা ব্যানারে প্রয়াত প্রধানমন্ত্রীর পরিচয়ে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ লেখা হয়েছে।
এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ উল্লেখ করে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগও প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার পরিচয়ে এমন ভুলে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই ঘটনায় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দফতরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে।
কীভাবে এবং কার অবহেলায় এই ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ অংশ নেওয়া অতিথিদের উপহার ব্যাগে ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারটি বিতরণ করা হয়। পরে ক্যালেন্ডারের প্রথম পাতায় খালেদা জিয়ার ছবির পরিচয় নিয়ে ভুলের বিষয়টি সামনে আসে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির পাশে তাকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, ক্যালেন্ডারের ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্ত এবং একজনের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এআই দিয়ে ছবি পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ শাখার ফটোগ্রাফার রাশেদ এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।