হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৫:০১
ব্রাহ্মণবাড়িয়ায় তিন ইটভাটায় ২৫ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে বায়ুদূষণের অভিযোগে সরাইলের একটি অটো রাইস মিলকে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকার মেসার্স দিয়ানা ব্রিকসকে ১০ লাখ টাকা, মেসার্স জনতা ব্রিকসকে ১০ লাখ টাকা এবং বুধন্তী এলাকার মেসার্স মোল্লা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোট ২৫ লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া সরাইল উপজেলার শান্তিনগর এলাকার হাজী রমজান আলী অটো রাইস মিলকে বায়ুদূষণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাখিবুল হাসান। এ সময় কার্যালয়ের উপপরিচালক নাজিম হোসেন শেখ উপস্থিত থেকে অভিযানটি সমন্বয় করেন।
অভিযানকালে ইটভাটার মালিকদের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসাম দিয়ে তৈরি এফএএল-জি (FAL-G) ইট উৎপাদনের পরামর্শ দেওয়া হয়।
পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।