নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ রাত ০৭:২৭:৩২
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে
রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে (৫৬) পাঁচ দিন এবং তার দুই ভাইকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামএই আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে যাওয়া অপর দুজন হলেন—মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া। তারা দুজনেই শায়লা ফারজানার ভাই।
এজাহার থেকে জানা গেছে, গত ১৭ নভেম্বর দিনগত রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং রাস্তার ওপর ফ্লাইওভার থেকে চলন্ত মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা মো. ইউসুফ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দীন ও মো. আনিছুর রহমান নামে চারজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরো জব্দ করে। এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তার ভাই মো. রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মিরপুরের বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।